কুষ্টিয়ায় বেঁড়েই চলেছে করোনার ভয়াবহতা। ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে জেলায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত ছিলেন। আর বাকি ২ জনের করোনার উপসর্গ ছিলো।
রোববার ( ১ আগস্ট ) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এ সময়ে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে বেড়ে ৪২.৬৬ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২০৯ জন করোনা রোগী।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানিয়েছেন, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখনও ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৪শ’ ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫৭৬ জনের মৃত্যু হলো।
অনলাইন ডেস্ক 






















