মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে এক হাজার ৪৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গতকাল সোমবারও এ বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়।
বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় একজন, যশোরে দুইজন, নড়াইলে দুইজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন রোগী।
অনলাইন ডেস্ক 














