তিন দিনের সফর শেষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ত্যাগ করার আগে সকালে তিনি ঢাকার রমনা কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত নতুন ভবনের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় এ সফরে ভারতের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে ছিলেন।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রপতি একইসঙ্গে কুচকাওয়াজ উপভোগ করলেন।
এর আগে ১৫ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পরে বঙ্গবভনে নৈশভোজে অংশগ্রহণ করেন রামনাথ কোবিন্দ।
অনলাইন ডেস্ক 




















