দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিস্ফোরক এক পোস্ট করেছেন। পোস্টে তিনি স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন।

শেইখা মাহরা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। গত বছরের মে মাসে শেখ মানার সঙ্গে তার বিয়ে হয়। কিছুদিন আগেই মা হয়েছেন এ রাজকুমারী। তাদের সন্তানের বয়স প্রায় দুই মাস।

মঙ্গলবার ইন্সটাগ্রামে করা পোস্টে মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’

এর আগে মাহরা ইন্সটাগ্রামে তার স্বামীর সঙ্গে পোস্ট করা ছবিগুলো সব মুছে দেন। এ বছরের মে মাসে শেইখা মাহরা হাসপাতাল থেকে তার ছবি পোস্ট করেছিলেন। তিনি কন্যাসন্তানের জন্ম দেয়ায় খুশি হয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই ছবিতে পাশে তার স্বামীও ছিলেন। ওই ছবিটিও মঙ্গলবার মুছে দেন মাহরা।

দুবাইয়ের আলোচিত এই রাজকুমারীর বিবাহবিচ্ছেদের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল শোরগোল ওঠে। একই সময়ে তার স্বামীও নিজের একাউন্ট থেকে রাজকুমারীর ছবি মুছে দিয়েছেন। বন্ধ করে দিয়েছেন পরস্পরের মধ্যে যোগাযোগও।

রাজকুমারীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন তুলছেন, নারী হয়ে কি এভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করা ঠিক হয়েছে? তবে সাহসী রাজকুমারীর পাশে থাকার বার্তা দিয়েছেন অনেকেই। অনেকে আবার ভাবছেন রাজকুমারী আর তার স্বামীর একাউন্ট হ্যাক হলো কিনা?


শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী রাজকুমারীদের মধ্যে অন্যতম। তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে সরাসরি কাজ করেন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করা এই রাজকুমারী সংযুক্ত আরবআমিরাতসহ সারা বিশ্বে তুমুল জনপ্রিয়।
আন্তজার্তিক ডেস্ক 















