করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। এ দিন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০.১১ শতাংশ।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৬১৩টি। শনাক্তের হার ১০.১১ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।
গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 














