পেকুয়া উপজেলা সদরে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলটির আয়োজন করা হয়।
ইসলামী জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। মাহফিলে আলোচনাকালে তিনি বলেছেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। এ জন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে গুরুত্বারোপ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান। মাহফিলে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন।
মিজানুর রহমান আজহারী বলেন, ‘অনৈক্য হচ্ছে যত নষ্টের মূল কারণ। অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।
গত ৫০টি বছর দেশে নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে। সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না। সবাই শান্তি চায়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় যৌথবাহিনী কাজ করেছে।’
অনলাইন ডেস্ক 
















