ফিলিস্তিনের মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো চিঠিতে ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরাইলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।’
হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ কার্যত যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার (১২ মে) সেই যুদ্ধ চলছে টানা পঞ্চম দিনের মতো। সোমবারের মতো মঙ্গলবারও দিনভর লড়াই হয়েছে। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাসও।
মঙ্গলবার (১১ মে) রাতভর এবং বুধবার (১২ মে) ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।
অপরদিকে ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা গ্রুপ হামাস গত তিনদিনে ইসরায়েল অভিমুখে ২০০টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইহুদিবাদী দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (১১ মে) অবরুদ্ধ উপত্যকা গাজায় ১৩ তলা একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ‘হানাদি টাওয়ার’ নামের ওই ভবনটি বোমার আঘাতে ধসে পড়েছে। তবে বোমা হামলার ঘটনার আগেই ভবনে থেকে বাসিন্দারা সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, ওই ভবনে হামাস নেতাদের রাজনৈতিক কার্যালয় ছিল।
অনলাইন ডেস্ক 























