ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৯ জন।
একই সময়ে ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩২।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্র। কার্যালয় সূত্রে আরও জানা যায়, ফরিদপুরে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯৪১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন, মাগুরার একজন, রাজবাড়ীর তিনজন এবং মাদারীপুরের তিনজন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ৫৪ জনের মধ্যে ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে এক, নগরকান্দায় ছয়, মধুখালীতে চার, সদরপুরে তিন, চরভদ্রাসনে পাঁচ এবং ফরিদপুর সদরে ২৩ জন রয়েছেন। বাকি সাতজনের র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৭৪ জন।
অনলাইন ডেস্ক 





















