বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
প্রকাশিত সূচকে বরাবরের মতো এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। অন্যদিকে, তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন; যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন।
গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
অনলাইন ডেস্ক 
















