ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় ও ১৩ জন উপসর্গ নিয়ে মারা যান।
শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মহিউদ্দিন খান মুন।
ডা: মুন বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে কোভিড-১৯ রোগী মারা গেছে ১০ জন। এর মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৪০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।
এ দিকে শনিবার সকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ ভাগ।