সাতক্ষীরার শ্যামনগরের শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার সোনার মুকুটটি চুরি হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।শুক্রবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন বলছে, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পুরোহিত ও সেবায়েতের অনুপস্থিতির সুযোগে দুর্ধর্ষ এ চুরি ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারী মাসে উক্ত মন্দির পরিদর্শনকালে কালি মা’য়ের মাথায় উপঢৌকন হিসেবে উক্ত মুকুট পরিয়ে দিয়েছিলেন।
মুকুট চুরির খবর জানার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেছে এক যুবককে ওই মুকুট ছিনিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।
সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার বলেন, ‘পুরোহিত আমার কাছে চাবি রেখে যাওয়ার পর পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য আমি অসাবধানতাবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই। পরে সেখান থেকে ১-২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।’
এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, প্রতিমার মাথার সোনার মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ চেক করাসহ তদন্ত চলছে।
আন্তজার্তিক ডেস্ক 


















