ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ মোট ১২ জন মারা গেছেন।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
এদিকে কিছুটা কমেছে শনাক্তের হারও। গত একদিনে ময়মনসিংহ জেলায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যাওয়া সাতজনের সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
গত একদিনে করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুমন মিয়া (৩৫), মকবুল মিয়া (৮২), হেদায়েত উল্লাহ (৭০), তাহামিনা আক্তার (৬০), প্রতিমা রানী (৭২), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মান্নান (৬৫) ও ভালুকার তারা মিয়া (৫০)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রয়েছে, ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার দুজন রয়েছেন। তারা হলেন-ময়মনসিংহ সদরের জাইমা নুর নাশরা (১৬), ইসহাক (৭৫), হালুয়াঘাট উপজেলার ইমদাদুল হক (৫৫), নেত্রকোনার কেন্দুয়ার শহর বানু (৬৫) ও মদনের মজনু রহমান (৮৫)।
অনলাইন ডেস্ক 













