রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়। এরপর উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয় জাতীয় গ্রীডে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত ১১টার পরপরই উৎপাদন শুরু হয়ে গেছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটির। এর আগে এ নিয়ে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া চালানো হয়েছে। কারিগরি নানা প্রক্রিয়া শেষে চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রীডে।
আনোয়ারুল আজিম বলেন, ‘তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমদানীকৃত কয়লা মজুদে চারটি শেডের সক্ষমতা রয়েছে ১০ লাখ মেট্টিক টন। তবে, বর্তমানে চারটির মধ্যে দুটি শেড প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের শেডে ৩০-৩৩ হাজার মেট্টিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্টিক টন। মজুদ কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চলতে থাকার মধ্যেই ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০-৫১ হাজার মেট্টিক টন জ্বালানি কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।’
মুলত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রীডে। আর বাকী ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার কথা রয়েছে আগামী জুন-জুলাইতে।
অনলাইন ডেস্ক 




















