সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পরে সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার রাত নয়টার কিছু সময় পর থেকে জনপ্রিয় এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান–প্রদান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী। রাত সাড়ে চারটার দিকে এই টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ভার জটিলতায় এক টুইটবার্তায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেছেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরো কিছু সময় লাগতে পারে।
দীর্ঘ সময় ধরে এই ধরনের বিভ্রান্তি বিরল। এর আগে ২০১৯ সালে সার্ভার জটিলতার কারণে ফেসবুক এবং এর অন্যান্য অ্যাপস বিশ্বজুড়ে প্রায় ১৪ ঘন্টারও বেশি সময় ব্যবহার করা যায়নি।
ওই ঘটনার পরে সমস্যার জন্য টেক জায়ান্টটির পক্ষ থেকে কোনো কারণ বলা হয়নি। তবে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফেসবুকের ডিএনএস বা ডোমেন পদ্ধতির ত্রুটির জন্য এই ঘটনা ঘটতে পারে।
মার্ক জুকারবাগ লিখেছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এখন অনলাইনে ফিরে আসছে। আজ ব্যাঘাতের জন্য দুঃখিত। আমি জানি যে আপনি আমাদের সেবাগুলির উপর কতটা নির্ভর করেন আপনি যাদের যত্ন নেন তাদের সাথে যোগাযোগ রাখতে।
বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। এরপর হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সচল হয়।
এদিকে ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ এবং ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেছিলেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।
ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। বিবিসির খবরে বলা হয়, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।
এর আগে ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’
এছাড়া হোয়াটসঅ্যাপ ক্ষতি স্বীকারকরে টুইট বর্তায় জানায়, আমরা সচেতন যে এই মুহুর্তে কিছু লোক হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জিনিসগুলিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি আপডেট পাঠাব। আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ!
উল্লেখ্য, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে।
অনলাইন ডেস্ক 

























