বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি? এই প্রশ্নের উত্তর না জানা গেলেও, জানা গেলো প্রতিবেশি দেশ ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড সম্পর্কে।
নর্ডপাস নামের এক পাসওয়ার্ড ম্যানেজিং সংস্থার তথ্য বলছে, একটি বিশেষ শব্দকে ভারতীয়রা নিজেদের ফোনের যে কোনও ক্ষেত্রের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। এটিই পাসওয়ার্ডের ক্ষেত্রে বহুল ব্যবহৃত শব্দ।
গবেষণায় জানা গেছে, এ ধরনের ২০০টি পাসওয়ার্ডের মধ্যে ৬২টি পাসওয়ার্ড সহজেই ক্র্যাক করা যায়। এ জন্য নিজেদের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। নিজেদের নাম, জন্ম তারিখ ইত্যাদি কমন বিষয় না বেছে অন্যান্য অক্ষর, সংখ্যা এবং শব্দ বেছে নিতে হবে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার জন্য। এ ছাড়া নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছুদিন অন্তর এই পাসওয়ার্ড বদলানো দরকার। সংস্থার গবেষণা অনুযায়ী, পাসওয়ার্ড ছাড়া ‘iloveyou’, ‘krishna’, ‘sairam’, ‘omsairam’-এর মতো শব্দও পাসওয়ার্ড হিসেবে বেশি ব্যবহার করে মানুষজন।
কী সেই শব্দ? জানা গেছে, ‘password’- এই শব্দটিকেই পাসওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ভারতে। মোট ১৭ লক্ষ ১৪ হাজার ৬৪৬ জন এই শব্দকে পাসওয়ার্ড করে ফোনের সুরক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু তারা জানেন না, এই পাসওয়ার্ড হ্যাক করে নিতে এক সেকেন্ডও সময় লাগে না। কয়েক মুহূর্তের মধ্যেই ফাঁস হয়ে যায় পাসওয়ার্ড শব্দের রহস্য। সাইবার দুনিয়ায় হ্যাকাররা সব ওত পেতে বসে আছেন, এমনই এক দুর্বল পাসওয়ার্ডের জন্য।
সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের তালিকায় এরপরেই রয়েছে আরও একটি পাসওয়ার্ড- ‘12345’। ১২ লক্ষ ৮৯ হাজার ২৬৬ জন এই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। এই পাসওয়ার্ড জেনে নিতেও এক সেকেন্ড লাগে না।
তবে শুধু ভারতে নয়। ‘Password’ শব্দটির জনপ্রিয়তা রয়েছে জাপানেও। সারা পৃথিবীতেই এই পাসওয়ার্ড প্রচুর লোক ব্যবহার করে থাকেন বলে খবর। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাতেও এই পাসওয়ার্ড বেছে নিয়েছেন সিংহভাগ মানুষ।
ভারতীয়দের মধ্যে আরও কিছু জনপ্রিয় পাসওয়ার্ড হল ‘india123’, ‘xxx’, ‘iloveyou’, ‘krishna’ এবং ‘omsairam’। এছাড়া অনেকেই এমন আছেন, যারা পাসওয়ার্ডে রাখেন নিজের নাম। কেউ কেউ পাসওয়ার্ড করেন গালাগালিকেও। সেক্ষেত্রে অবশ্য মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যাই বেশি। আবার পরিসংখ্যান বলছে, ‘iloveyou’-কে পাসওয়ার্ড হিসেবে বেশি কাজে লাগান মেয়েরাই।
পশু সংক্রান্ত পাসওয়ার্ডের মধ্যে শীর্ষে ছিল ‘Dolphin’। ফুটবলপ্রেমীদের অন্যতম পছন্দের পাসওয়ার্ড ‘liverpool’।
অনলাইন ডেস্ক 

























