স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সরাসরি অংশ নিতে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।
তিনি বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানে ১৭ মার্চ শুভেচ্ছা বক্তব্য দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
অনলাইন ডেস্ক 





















