রাজধানীর বঙ্গবাজারের মার্কেটে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।
মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো মালামাল বের করার চেষ্টা করছেন। কিন্তু এরইমধ্যে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন বলে জানিয়েছেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে তারা অনেক মালামাল তুলেছেন। আগুনে সেগুলো পুড়ে গেছে।
ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। যোগ দিয়েছে বিমান বাহিনী।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য বাহিনীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
অনলাইন ডেস্ক 
















