Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প

কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে দুই দলের লড়াইয়ের চিত্র। প্রতিনিধি পরিষদ ও সিনেটে এখনো অনেক আসনের ফল বাকি থাকলেও প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১১৪টি আসনে জয় পেয়েছেন।

অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৬৫টি আসন। আরও ৮৫টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

সিনেটেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির প্রার্থীরা ৪৫টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছেন ৩৬টি আসন।

তবে, বেশ কয়েকটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।

সিনেটে এই জয়ের ধারাবাহিকতার মধ্যে জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। তিনি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করেন।

বিজয়ী ভাষণে জন অসফ বলেছেন, মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ডেমোক্র্যাট প্রার্থীদের ব্যাপক ও নির্ণায়ক বিজয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব, দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন।

অন্যদিকে, মিনেসোটার ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুচার নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপারের বিজয় উদ্‌যাপন করেছেন। তিনি নিজেও মিনেসোটার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে মন্টানা, নেভাদা ও ইউটাহ অঙ্গরাজ্যে স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আইডাহো ও ওরেগনের পূর্বাঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্রেও একই সময়ে ভোট গ্রহণ শেষ হবে।

অ্যারিজোনায় কংগ্রেস ও গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ফলও রাত ১০টার আগে প্রকাশ করা হবে না।

এদিকে, বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৫টি এবং রিপাবলিকানরা ১০টি গভর্নর পদে জয় পেয়েছেন। আরও ২৫টি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

সব মিলিয়ে প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদে বাকি আসনগুলোর ফলই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প
0:00 0:00
1.0x