ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কয়েকটি এলাকা শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এসময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে ঢাকা থেকে গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে আসা দৈনিক কালবেলার সাংবাদিক মামুন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মাহসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। এসময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাসে ইট ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণে দুই সপ্তাহেরও অধিক সময় ধরে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রাসহ আশপাশের কয়েকটি এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। দাবির প্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠন করে। সরকার গঠিত মজুরি বোর্ড মালিকপক্ষ, সরকার পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে বেতন বাড়ানোর ঘোষণা দেন। মজুরি বোর্ডের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা আবার সড়কে নেমেছেন।
মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
এদিকে ঢাকা থেকে গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে আসেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মামুন। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন তিনি। তার বাম পায়ে গুরুতর ক্ষত হয়েছে।
শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগর ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এবং বিকেলে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় তারা বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।