Top_Header
দ্য পদ্মা২৪.কম
তথ্য ও প্রযুক্তি

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ। গাড়ি চুরি, বেপরোয়া গাড়ি চালানো কিংবা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা বাস্তবে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে বিভিন্ন পুলিশ বিভাগ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গেমটির বিশ্বজুড়ে প্রকাশের পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিতে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ বিভাগ।

গেমটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার মধ্যে তারা মনে করিয়ে দিচ্ছে, গেমের কাল্পনিক জগৎ আর বাস্তব জীবন এক নয়।

আটলান্টা পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘জিটিএ কোনো বাস্তব জায়গা নয়, কিন্তু আটলান্টা বাস্তব!’ এ বার্তার মাধ্যমে গেমের কাল্পনিক জগৎ আর বাস্তব জীবন আলাদা করে দেখার আহ্বান জানিয়েছে তারা।

বিভাগটি আরও বলেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চুরি ও সহিংসতার বাস্তব পরিণতি রয়েছে। তাই এসব অপরাধ গেমের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।

অন্যদিকে, কলোরাডোর অরোরা পুলিশ বিভাগও খেলোয়াড়দের সতর্ক করেছে। গেমটির কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার সঙ্গে বাস্তবের কলোরাডোর পার্থক্য তুলে ধরে তারা বলেছে, গেমে গাড়ি চুরি, দোকানে ডাকাতি কিংবা কাউকে আঘাত করার সুযোগ থাকলেও বাস্তব জীবনে এসব অপরাধ।

তাই গেমের এসব কর্মকাণ্ড বাস্তবে না করার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।

গেমে অপরাধ করলে পুলিশের তাড়া কতটা বাড়ছে, তা বোঝাতে এক থেকে ছয়টি তারকা দেখানো হয়।

এ বিষয়টি নিয়ে মজা করে অরোরা পুলিশ বিভাগ বলেছে, বাস্তবে পুলিশের এমন কোনো তারকা দিয়ে অপরাধের মাত্রা বোঝানোর ব্যবস্থা নেই। পুলিশের নজরে পড়লেই হাতে হাতকড়া পরতে হতে পারে।

কলোরাডোর ডেনভার পুলিশ বিভাগও গাড়ি চুরি ও পুলিশের কাছ থেকে পালানোর মতো কর্মকাণ্ড গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, ঘরে বসে জিটিএ-৬ খেলা উৎসাহিত করা হচ্ছে। বাস্তবের রাস্তার দায়িত্ব পুলিশের, আর ভার্চ্যুয়াল রাস্তার দায়িত্ব খেলোয়াড়দের।

ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি পুলিশ বিভাগও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে।

স্থানীয় সড়ককে রেসিংয়ের ট্র্যাক মনে না করা এবং পুলিশের গাড়ি চুরির চেষ্টা না করার কথা বলেছে তারা। পাশাপাশি, বাস্তব জীবনে কোনো ভুল করলে গেমের মতো আবার নতুন করে শুরু করার সুযোগ নেই বলেও খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে বিভাগটি।

টেক্সাসের সান জুয়ান পুলিশ বিভাগ বলেছে, জিটিএ ৬-এ যা ঘটবে, তা গেমের মধ্যেই থাকুক। খেলোয়াড়দের নিজেদের এলাকায় গেমের কাল্পনিক অপরাধ ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬ বাজারে আসার পর ব্যাপক বাণিজ্যিক সাড়া ফেলেছে। গেমটি ঘিরে ভক্তদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে এর বিক্রিতেও।

বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, আগাম ফরমাশ ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে বৃহস্পতিবার রাত নাগাদ গেমটির আয় দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৪৪১ কোটি টাকা।

এসময় বিক্রি হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি।

তবে, রকস্টার গেমস ও এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো গেমটির বিক্রির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এর চাহিদাকে নজিরবিহীন বলে বর্ণনা করা হয়েছে।

প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স|এস-এর জন্য প্রকাশ করা হয়েছে জিটিএ ৬। এটি জনপ্রিয় জিটিএ সিরিজের ষষ্ঠ মূল গেম। ২০১৩ সালে জিটিএ ৫ প্রকাশের পর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে নতুন এই গেমটি পেলেন ভক্তরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ
0:00 0:00
1.0x