মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া কয়েক লাখ রোহিঙ্গাদের মধ্যে আরো ৮০ হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে।
ইউএনএইচসিআর’র কান্ট্রি ডিরেক্টর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এই সমঝোতা স্মারকে সই করবেন বলে জানা গেছে।
বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন একটি গণমাধ্যমকে বলেন, শনিবার ইউএনএইচসিআর এর সাথে সরকারের এই সমঝোতা স্মারক সই হবে। ভাসানচরে ইতোমধ্যে প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গা নেয়া হয়েছে। আরো ৮০ হাজার নিয়ে যাব। এ ব্যাপারে ইউএনএইচসিআর আগে যেভাবে কাজ করেছে, একইভাবে কাজ করে যাবে, এ নিয়ে সমঝোতা স্মারক হবে। আশা করি, অক্টোবরের শেষ দিকে কাজ শুরু করব। ভাসানচরে এক লাখের একোমোডেশনের ব্যবস্থা রয়েছে। আপাতত এ ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে এবং তারো আগে বিভিন্ন সময়ে মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয়ে রয়েছেন। তাদের মধ্যে প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। ১৩ হাজার একর আয়তনের এই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে, যেখানে আপাতত এক লাখের বেশি রোহিঙ্গার বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন ডেস্ক 















