দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে, যা ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৩ মে। সেদিন করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে কেবল খুলনা বিভোগেই ২০ জনের মৃত্যু হয়েছে, রাজশাহীতে মারা গেছেন ১৩ জন। সব মিলিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৪৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৮৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন হয়েছে।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।
বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনলাইন ডেস্ক 

















