রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (০৮ জুন) সকাল ৯টা থেকে আজ বুধবার (০৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর মধ্যে চারজন করোনায় এবং চারজন এর উপসর্গে মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে তিনজন মারা গেছেন আইসিইউতে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডে দুজন, একজন করে ২২, ২৯ ও ৩৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।
এদের মধ্যে চারজন প্রাণঘাতি করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে রামেক হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ মে ১০ জন, ২৫, ২৬ ও ২৭ মে চার জন করে, ২৮ মে নয় জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ ও ২ জুন সাত জন করে, ৩ জুন নয় জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আট জন, ৬ জুন ছয় জন, ৭ জুন সাত জন এবং ৮ জুন আট জন মারা যান।
অনলাইন ডেস্ক 

















