সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুননির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুননির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
মুসলিম ধর্মাবলম্বীরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এই দিনে রাসুল (সা.) ইন্তেকালও করেন। সেই হিসাবে আগামী ২০ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল।
২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর রবিউল আউয়াল মাস শুরু ধরে ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু এবার আরবি সফর মাস ৩০ দিনে শেষ হয় এবং রবিউল আউয়াল মাস শুরু হয় গত ৯ অক্টোবর। সেই হিসাবে এবার ঈদে মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর।
অনলাইন ডেস্ক 


















