রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের। একই সঙ্গে সব ধরনের সবজির দামও আগের মতোই চড়া রয়েছে। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্যতেল এখনো বাজারে বিক্রি হতে দেখা যায়নি।
ফার্মের বাদামি ডিম গতকাল বৃহস্পতিবার থেকে ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৪০ টাকা। সাদা ডিমের দাম তুলনামূলক কিছুটা কম, ডজনে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
তবে মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে, ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, গত সোমবার ভোজ্যতেল কম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা বাড়িয়ে ১৯৫ টাকায় বিক্রির ঘোষণা দিলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় নতুন দাম কার্যকর হয়নি।
এদিকে, ক্রেতাদের জন্য সান্ত্বনা আছে মিষ্টিকুমড়া ও পেঁপের দামে। ৩০-৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে এসব সবজি। আলুর দামও তুলনামূলক স্থিতিশীল, কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা। পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
অনলাইন ডেস্ক 


















