রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বের হন। কোরবানির পর নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি দেখতে তিনি এই সফর করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবোসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে তিনি কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন বলে জানান উপ-প্রেস সচিব।
এসময় প্রধানমন্ত্রী বিভিন্ন ট্রাফিক সিগন্যাল মেনে চলেন এবং প্রয়োজন অনুযায়ী গাড়ি থামান বলেও জানান উপ-প্রেস সচিব।
রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগরবাসীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনলাইন ডেস্ক 


















