টি-টোয়ান্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার জন্য সাকিব আল হাসানের প্রয়োজন ছিল দুই উইকেটের। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সে কাজটি করে ফেলেছেন সাকিব। দুই উইকেট পেয়ে তিনি বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন।
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে আফসোস থেকে যায় সাকিবের। মাত্র ১টি উইকেট পেলেই তিনি ধরে ফেলতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে।
কিন্তু সেই অপেক্ষা বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘ হয়েছিল। অবশেষে সাকিব পেছনে ফেলেছেন মালিঙ্গাকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার ১০৭ উইকেট নেয়া মালিঙ্গাকে টপকেও গেছেন।
স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে প্রথমে রিচি বেরিংটনকে (২) এবং পরে চতুর্থ বলে মিচেল লিসাককে ফিরিয়ে ১০৮ উইকেট পূর্ণ করেন সাকিব।
সর্বোচ্চ উইকেট নেয়াদের এ তালিকায় ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।
অনলাইন ডেস্ক 























