আজ মধ্যরাত থেকেই ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২২ জুন) ভোরের কাগজকে তিনি জানান, করোনা মহামারির কারণে আজ দিবাগত মধ্যরাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ করা হচ্ছে। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তিনি বলেছেন, আমরা গতকালের সিদ্ধান্ত সংশোধন করেছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনও ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে পশ্চিমাঞ্চলে কোন ট্রেন চলাচল করবে না। পূর্বাঞ্চলে চট্টগ্রামসহ অন্যান্য রুটে ট্রেন চলবে। শুধু ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য কোন ট্রেন ঢাকা থেকে ছাড়বে না বা ঢাকায় আসবে না। করোনা মহামারি যাতে এক স্থান থেকে অন্য কোন স্থানে ছড়াতে না পারে সে জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন- চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট- এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। আজ রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান রেলমন্ত্রী।
এর আগে গতকাল সোমবার (২১ জুন) করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।
অনলাইন ডেস্ক 






















