ঢাকায় সকাল থেকে আকাশ মেঘলা ছিল। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে শুরু হয় এ বৃষ্টিপাত। সঙ্গে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত। এর আগে ভোর রাতেও বৃষ্টিতে ভিজেছিল ঢাক।
বছরের সর্বোচ্চ বৃষ্টি হয় মঙ্গলবার ভোর রাতে। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকায় মঙ্গলবার ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টি।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় দেশের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
অনলাইন ডেস্ক 























