ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৬ দশমিক ৭০ শতাংশ।
জেলায় কয়েক দিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং অপর তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে করোনায় মারা গেছেন ফরিদপুর শহরের রথখোলা মহল্লার বাসিন্দা নারায়ণ ভট্টাচার্য (৮০) ও ভাঙ্গা উপজেলার রঘুনাথপুর গ্রামের নূরুদ্দিন খান (৭৫)। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ফরিদপুর সদরের গজারিয়া এলাকার হান্নান মোল্লা (৪৭), ভাঙ্গার মাহবুবুর রহমান (৫৮) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জয়নাল শেখ (১০০)। জেলায় এ পর্যন্ত করোনায় ২১১ জন মারা গেছেন।
ফরিদপুর সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ।
মাহবুব পিয়াল 




















