বাংলাকে আরও সবুজ করতে নিজ দলের নেতাকর্মীসহ প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর আমরা পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করি। বাংলাদেশ কৃষকলীগ সবসময় এটার উদ্যোগ নেয় ।
কৃষকলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আশা করি এবার আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরও শ্যামল হোক, আরও সুন্দর হোক। আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন এবং মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাই।
পরে গণভবনে বরই এবং পলাশ গাছের চারা রোপণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবছর বৃক্ষরোপণের মধ্য দিয়ে বর্ষার আগমনীকে বরণ করে নেয় কৃষকলীগ। করোনার মধ্যে এবারও ব্যাতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কৃষকলীগের এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা হোসেন পুতুল।
অনলাইন ডেস্ক 






















