রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় রংপুরের হারাগাছ নতুন বাজার পাকার মাথায় মৃত শাখাওয়াত হোসেনের ছেলে তাজুল ইসলামকে মাদক কারবারি সন্দেহে আটক করে পুলিশ। তার হাতে হ্যান্ডকাফ পরায়। এরপর পুলিশের নির্যাতনে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ শত শত জনতা হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
আরও অভিযোগ, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও লাঠিপেটা করে। রংপুর থেকে আসা বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে জানতে নগরীর হারাগাছ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
যুবকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ হোসেন।
তিনি বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’
অনলাইন ডেস্ক 
























