রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসা আক্তারের (৭) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শিশুটি হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল। ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬)।
বুধবার (২০ মে) রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অনলাইন ডেস্ক 

















