আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের জন্য ভেন্যুর বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মির্জা আব্বাস বলেন, গণসমাবেশের জন্য রাজধানীর দুটি মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।
তিনি বলেন, কোথাও নিরাপদ নন বিএনপিকর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।
এর আগে গণসমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যান নেতারা।
তারও আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশের অনুমতি চাইতে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপির গণসমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে প্রস্তাব করা হয়েছে।
Reporter Name 
















