খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া আমাকে হত্যা করতে চেয়েছেন। তারা আমার মা, বাবা, ভাইসহ সবাইকে হত্যা করেছে। কিন্তু তবুও আমি মানবিকতা দেখিয়েছি। আমার পক্ষে যতটা সম্ভব করেছি।
বুধবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্য সমাপ্ত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে আনবো আমি? আর কতবার মানবিকতা দেখাব। আমি যা করার করেছি, বাকিটা আইন করবে। খালেদা জিয়ার জন্য যা করেছি তাই কি বেশি না? আমিতো অমানুষ না। তাই বাসায় থাকার ব্যবস্থাটুকু করে দিয়েছি।
শেখ হাসিনা আরও বলেন, কোটালিপাড়ায় হামলার আগে তিনি বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীতো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবেন না। কারণ তখন তিনি জানতেন আমিতো মরে যাবো। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে। আমি এভাবেই বেঁচে আছি। সেই হত্যাকারীর কথা আমাকে কি করে আপনারা বলেন।
এর আগে তিনি রেইনট্রি ধর্ষণ মামলার রায় নিয়ে কথা বলেন। বিচারকের যোগ্যতার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে কতকগুলো নীতিমালা আছে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পান। আর বিচারকদের ব্যাপারে তো আমার কোনো এখতিয়ার নেই। এটি রাষ্ট্রপতির হাতে আছে।
তিনি বলেন, আদালতে যিনি এমন পর্যবেক্ষণ দিয়েছেন, এটি একান্তই তার ব্যক্তিগত। তাছাড়া এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই বাস্তবতা।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী ১৪ নভেম্বর তিনি সফর শেষে দেশে ফিরেন।
অনলাইন ডেস্ক 














